যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে এক বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটেছে।মার্কিন সংবাদমাধ্যম টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে। এরপর সে রাস্তায় হেঁটে যেতে যেতে এলোপাথাড়ি গুলি ছোড়ে। সে একটি বাস লক্ষ্য করে গুলি চালালে ওই বাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন।
এরপর ওই হামলাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন ৩৩ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার এ ধরনের হামলার পেছনে সঠিক কারণ জানা সম্ভব হয়নি।পুলিশ কমিশনার মার্ক গার্থ গ্রিন জানান, শহরের উত্তরে ওই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পূর্বদিকে স্যান্ড পয়েন্ট ওয়ের কাছ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে আরও জানান তিনি।




