বনানীর আগুনে নিহত তমালের বাড়ি চাঁদপুরে
বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুক তমালের (৩০) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া গ্রামে।ওই গ্রামের মুন্সিবাড়ির মো. মকবুল হোসেন মুন্সীর ছেলে তমাল ঢাকার সারুলিয়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।বৃহস্পতিবার আগুনে দগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পর তমালের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মিনহাজ উদ্দিন।
মিনহাজ জানান, তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক ২০০৬-০৭ ব্যাচের শিক্ষার্থী। পাস করেছেন ২০১১ সালে। তিনি ইইউআর বিডি সলিউশনে সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।এ দিকে তমালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এ পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে।এছাড়া ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।




