বনানীতে আগুন: অসহায়ত্ব, আকুতি
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।এদিকে আগুনে আটকা পড়া ভবনের ১০ ও ১১ তলার ভেতর থেকে অনেকে হাত দেখাচ্ছেন। তাদের মধ্যে কেউ একজন কাপড় দিয়ে পতাকা বানিয়ে নাড়ছেন। আবার অনেকে দু’হাত নাড়িয়ে অসহায়ত্বের মত বাঁচার আকুতি জানাচ্ছেন।
এছাড়া ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে। জানা গেছে, ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবার অনেকেই রশি বেয়ে নামার চেষ্টা করছেন।
নবম তলায় আগুন শুরু হওয়ার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোয় আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। কয়েকজন বিভিন্ন ধরনের তার ধরে নামার চেষ্টা করছেন। আর যারা ভবনটিরে ভেতর আটকা পড়েছেন তারা ভাঙা কাচের ভেতর দিয়ে হাত বের করে সাহায্য চাচ্ছেন।ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রশিক্ষিত দল। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।




