পায়ে বাঁধা ২০ লাখ টাকা
জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে ১৭ লাখ ১৪ হাজার ৫শ‘ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলারসহ (বাংলাদেশী মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা) ইকবাল হোসেন (৩৯) ও জাকির হোসেন (৩৮) নামে দুইজন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক ইকবাল হোসেন ফরিদপুরের আলফাডাঙা উপজেলার বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পাসপোর্ট নং-বিই-০২৫৭০৫৩।জাকির হোসেন ঢাকার যাত্রাবাড়ীর আগামাসী এলাকার আজিম মিয়ার ছেলে। তার পাসপোর্ট নং-বিএন-০০৭৩২৯০।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে এমন গোপন সংবাদ পেয়ে আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি দল ঢাকাগামী রয়েল পরিবহনের (ঢাকা-মেট্রো-১১-৮৭৯০) একটি বাস থেকে ইকবাল হোসেন ও জাকির হোসেনকে আটক করে।
পরে তাদের শরীর তল্লাশি করে পাঁয়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫শ’ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশী মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।




