283536

আগুন কেড়ে নিলো রুমকি-মাকসুদ দম্পতির প্রাণ

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে মারা গেছে রুমকি-মাকসুদ দম্পতি। এদের মধ্যে রুমকি আক্তারের (৩০) মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। তবে মাকসুদুর রহমানের (৩২) মরদেহ রয়েছে ইউনাইটেড হাসপাতালে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাকসুদুরের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ ঢামেক মর্গে এসে তার ভাবির লাশ শনাক্ত করেন।তিনি জানান, এই দম্পতির বিয়ে হয়েছে তিন বছর আগে, তবে বাচ্চা নেই। রুমকির বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার দিলকুড়ি গ্রামে।

ইমতিয়াজ আহমেদ বলেন, ঢাকার গেন্ডারিয়ায় তারা বসবাস করতেন। স্বামী-স্ত্রী দু’জনেই এফ আর টাওয়ারে অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আর আহতের সংখ্যা ৭০ জন বলে জানা গেছে। ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে লাগা ওই অগ্নিকাণ্ড রাত আটটার দিকে নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এতেই বের হতে থাকে একের পর লাশ।

ad

পাঠকের মতামত