283087

অপু বিশ্বাস গা ভাসাতে চান না জোয়ারে

বিনোদন ডেস্ক।। অনেকদিন ধরেই নতুন কোনো খবরে কিংবা আলোচনায় নেই অপু বিশ্বাস। হাতেও নেই কোনো নতুন ছবি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও কলকাতার একটি সিনেমা ‘শর্টকাট’-এর কাজ শেষ করে অনেকটাই বেকার হয়ে আছেন একসময়ের চাহিদার শীর্ষে থাকা এ নায়িকা। এ কারণে অভিযোগ উঠেছে, কদরহীন অপু ক্রমেই আগ্রহ হারাচ্ছেন নির্মাতাদের। এমনকি ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস- এমন গুজবও চলছে সিনেমাপাড়ায়।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন অপু। তিনি আরও জানান, এসব গুজব নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তার যুক্তি, এখন সিনেমা নির্মাণ কমে গেছে। তাছাড়া মানসম্মত সিনেমাও তেমন একটা নির্মাণ হয় না। ভালো গল্প না পেলে কাজ করে অর্জিত সুনাম ক্ষুণ্ন করা উচিত নয়। আর জোয়ারে গা ভাসার পক্ষেও তিনি নন। অপু বিশ্বাস বলেন, ‘এই উপলব্ধি ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই আমার ছিল বলে সহজেই দর্শক-নির্মাতার মনজয় করতে পেরেছি। আমি এখনো প্রতিনিয়ত সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি যেনতেন গল্প ও চরিত্রে কাজ করতে চাই না। এমনকি ভালো ভালো নির্মাতার কাছ থেকেও প্রস্তাব আসছে।’

চাইলেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া যায় মন্তব্য করে অপু বিশ্বাস বলেন, ‘তবে সেই সিনেমার কোয়ালিটি কতটুকু ভালো বা আমাদের দর্শক সেটা কিভাবে গ্রহণ করবে সেই বিষয়গুলো ভেবেই ছবিতে চুক্তিবদ্ধ হতে চাই আমি। এরই মধ্যে বেশকিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। তাদের দেয়া স্ক্রিপ্ট পড়ছি। গল্প আর চরিত্র পছন্দ হলে কাজ শুরু করব। তবে মূল বিষয় হচ্ছে ভালো মানের সিনেমা ছাড়া কাজ করতে চাই না। একসময় প্রচুর সিনেমায় কাজ করেছি। দর্শক সেগুলো পছন্দও করেছেন। তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, ভালো মানের ছবি ছাড়া এখন দর্শক সিনেমা হলে যাবে না। গুণগত মানটা ঠিক রেখে তাই কাজটা করতে চাই।’ ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে অপু বলেন, আগেই বলেছিলাম আমি জোয়ারে গা ভাসানোর পক্ষে নই। ওয়েব সিরিজে এখনই কাজ করতে চাই না।

আরেকটু দেখতে চাই। কেন যেন মনে হচ্ছে, চলচ্চিত্রের সামনের সময়টা আবার ভালো যাবে। এখন অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। আবারও দর্শক সিনেমা হলে যাওয়া শুরু করেছেন। তবে এখন সিনেমা হলের পরিবেশ উন্নত করাসহ সিনেপেস্নক্সের মতো নতুন সিনেমা হল প্রয়োজন। এগুলো হলে সবকিছু মিলে ভালো মানের সিনেমা দেখা যখন দর্শকরা আবার শুরু করবে তখন চলচ্চিত্রের সুদিন অবশ্যই ফিরে আসবে। ওয়েব সিরিজ নিয়ে তাই খুব একটা ভাবছি না আমি। সামনে দেশ ও দেশের বাইরের বেশকিছু স্টেজ শো নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে সেই কাজগুলোও করতে চাই।

অপু বিশ্বাসকে নিয়ে আরও একটি অভিযোগ হচ্ছে, এপার বাংলা ছেড়ে ওপার বাংলার চলচ্চিত্রে স্থায়ী হচ্ছেন তিনি। এ বিষয়ে অপু বিশ্বাস জানান, এটাও ভিত্তিহীন অভিযোগ। তিনি মনে করেন, বর্তমানে অনেক বাংলাদেশি অভিনেত্রী কলকাতায় অভিনয় করতে এসে ভারতীয় হয়ে গেছেন। তিনি তা হবেন না। তিনি বাংলাদেশি নায়িকা হিসেবেই জনপ্রিয়তা অর্জন করতে চান। তিনি বাংলাদেশে যেভাবে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছেন, কলকাতার ক্ষেত্রেও ঠিক তাই হবেন। তিনি বিশ্বাস করেন, কলকাতাতেও সেরা হবেন তিনি। উৎস: যায়যায়দিন।

ad

পাঠকের মতামত