ভারতে নির্বাচনের আগে কিছু ঘটতে পারে,শঙ্কা পাকিস্তানের
ডেস্ক রিপোর্ট।। ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের আগে কিছু ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন। বালাকোটে এয়ার স্ট্রাইকের মত ঘটনা ঠান্ডা হতে না হতেই ইমরান খান এমন মন্তব্য করলেন।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার আশঙ্কা রয়েছে, ভারতে ভোটের আগে কিছু একটা ঘটতে পারে।’ পাশাপাশি পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের নেপথ্যে ‘রাজনৈতিক কৌশল’ রয়েছে বলেই ব্যাখ্যা করেন তিনি। এ বিষয়ে ইমরান বলেন, ‘ভারতের জনগণের বোঝা উচিত, এসবই ভোটে জয়ের জন্য। যখন পুলওয়ামায় হামলার ঘটনা ঘটল, এটা নিয়ে যুদ্ধের জিগির তোলার কাজ করেছিলেন মোদী।’
একই সাথে সন্ত্রাস দমন ইস্যুতে ইমরান বলেছেন, ‘তার ‘নয়া পাকিস্তান’এ সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। জঙ্গি দমনের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। এখন আমরা যা করছি, পাকিস্তানে আগে কখনো তা হয়নি।’
উল্লেখ্য, ২০১৯ সালের ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ১১ এপ্রিল শুরু হবে। এবারের নির্বাচনে ৭ দফা ভোট গ্রহণ করা হবে। আর ২৩ মে ভোট গণনা করা হবে।




