282886

কোপা আমেরিকায় খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের পর মেসি আর্জেন্টিনা দলে ফেরেন প্রায় সাড়ে আটমাস পর। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে এক ম্যাচ খেলেই দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। স্পেনের মাদ্রিদে ওই ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।এরপর আবার শুরু হয় মেসিকে নিয়ে জল্পনা, আসছে কোপা আমেরিকায় তিনি খেলবেন তো? দলের কোচ লিওনেল স্কালোনি অবশ্য পরিস্কার করে জানিয়ে দিলেন জুনে ব্রাজিলের অনুষ্ঠিত আসরটিতে মেসি থাকবেন।

মেসিকে ছাড়া মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলের জয় পায়। আর এ ম্যাচ শেষে স্কালোনি মেসি সম্পর্কে জানান, তিনি কোপা আমেরিকায় খেলবেন। স্কালোনি বলেন, ‘লিও কোপা আমেরিকায় থাকবে। সে থাকবে এটা স্পষ্ট। সে সেখানে নিজের সেরাটাই দেবে এবং আমরা জানি সে কতটা দক্ষ। ভেনেজুয়েলার বিপক্ষে খেলা শেষে আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করেছি, কোপা নিয়ে আলোচনা করিনি। আমরা নিজেদের সেরা দলেই পরিণত করবো।’

এদিকে বরাবরই আর্জেন্টিনা দল মেসি নির্ভর হয়ে থাকে। আর এই ব্যাপারটিই আলবেসেলিস্তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তবে স্কালোনি জানিয়ে দিলেন দল আর মেসি নির্ভর হবে না। যেখানে ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা কখনোই কোপা আমেরিকা জেতেনি।স্কালোনি আরও বলেন, ‘এমন কিছু (মেসি নির্ভর) যাতে না ঘটে আমাদের তা নিয়েই কাজ করতে হবে। তবে মেসি আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করবে, এটা নিশ্চিত।’আগামী ১৪ জুন শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা।

ad

পাঠকের মতামত