আর্জেন্টিনার জয় শেষ সময়ের গোলে
স্পোর্টস ডেস্ক।। এলোমেলো ফুটবলের আদর্শ এক ম্যাচ যেন। আক্রমণ পাল্টা আক্রমণের তেমন কোন ঝাজ নেই। শেষদিকে কিছুটা গোছালো ফুটবলের চেষ্টা করে আর্জেন্টিনা একটি গোল আদায় করে নিয়েছে বটে, কিন্তু তাদের খেলায় স্বয়ং আর্জেন্টাইনদেরও মন ভরার কথা নয়। আক্রমণাত্মক মনোভাব দেখিয়েও উল্লেখ করার মত কিছুই করতে পারেনি স্বাগতিক মরোক্কো।
মঙ্গলবার তানজিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে মরোক্কোকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। উত্তাপহীন গোলশূন্য ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচের শেষদিকে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল কোররেয়া। কুঁচকির ইনজুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি।
ম্যাচের অধিকাংশ সময় বল ছিল মাঝমাঠে। বিশ^কাপের পর থেকে ছয় ম্যাচ অপরাজিত থাকা মরোক্কোর খেলায় আক্রমণাত্মক মনোভাব ছিল স্পষ্ট। আর আর্জেন্টিনা মেতে ছিল ভুল পাসিং ফুটবলে। বলের দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। গড়ে প্রতি দুই মিনিটে একবার করে ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। রেফারির পকেট থেকে হলুদ কার্ড বেরিয়েছে মোট ৬বার। প্রথমার্ধেই বাজে ফাউলকে কেন্দ্র করে বেশ কয়েকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধেও খেলা একই ধারায় বইতে থাকে। শেষদিকে কিছুটা গোছালো ফুটবল খেলতে থাকে দুই দল। তবে গোলের দেখা পেয়ে যায় সফরকারীরা। রিভার প্লেট ফরোয়ার্ড মাটিয়েস সুয়ারেজের পাস ধরে জায়গা বের করে ছোট ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়া।
সব জয়ই স্বস্তির। কিন্তু এই জয় লা আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিকে কতটা স্বস্তি এনে দেবে এই প্রশ্ন রয়েই যাচ্ছে। সামনে কোপা আমেরিকা মহারণ। এর মধ্যে আর প্রস্তুতি ম্যাচও নেই। এন সময় দলের এমন অগোছালো ভাব যে কোন কোচের কপালে ভাজ বাড়াতে বাধ্য।




