সেই আসামি এবার পালাল, দুই পুলিশ বরখাস্ত
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন এক আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তরা হলেন এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল মো. রিয়াজুল।বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক।এর আগে মঙ্গলবার ভোররাতে বরিশালের শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চারতলার বাথরুমের গ্রিল ভেঙে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় ওই আসামি।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, ১ মাস আগে ফতুল্লা এলাকা থেকে এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।ওসি আরও বলেন, ওই মামলায় গত ৪ মার্চ বরিশাল নগরীর পলাশপুর ৮ নম্বর বস্তি থেকে দুখু মিয়াকে গ্রেফতার করে পিবিআই। এ সময় গ্রেফতার এড়াতে দুখু মিয়া গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় তার গলা কেটে যায়। আহত অবস্থায় ওই দিনই তাকে শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল দুখু মিয়া।




