‘পিএম মোদি’তে ক্ষেপেছেন সালমান খান!
বিনোদন ডেস্ক।। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বানানো সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদি’র ট্রেলার প্রকাশ পেয়েছে। আগামী ৫ এপ্রিল সিনেমাটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে চলছে ব্যপক প্রচারণা। তবে ভারতের জাতীয় নির্বাচনের আগে এমন সিনেমার প্রচারণায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্য দলের কাছে। আর তাই ট্রেলার মুক্তির পর থেকেই বিপাকে পড়েছে উমঙ্গ কুমারের এই ছবিটি।
ইতোমধ্যে ছবিটির মুক্তি পেছাতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। নির্বাচনের আগে এই ছবি মুক্তি না দিতে আদালতে কাছে আবেদন জানিয়েছেন তিনি। তবে এমন দাবি তুলেছিলো কংগ্রেসও। তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছিলেন। এদিকে রবিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে হুমকিও পান ছবির নির্মাতা। জানিয়ে দেয়া হয়, নির্বাচনের আগে ছবি মুক্তি পেলে ফল ভাল হবে না।
এছাড়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া নোটিশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কোনো রাজনৈতিক ছবির প্রদর্শন করা যায় না। ৩০ মার্চের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ছবিটি নিয়ে রাজনৈতিক সমস্যা তো রয়েছেই, সেই সঙ্গে ছবিটি মুক্তির আগেই বিরাগভাজন হচ্ছে বলিউডের একাধিক তারকার। যেমন সম্প্রতি জাভেদ আখতার চটেছিলেন প্রযোজক সন্দীপ সিংয়ের উপর। আর এবার জানা গেলো ছবিটির বিরুদ্ধে ক্ষেপেছেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সালমান খানের দশ ছবির শুনো ‘গোর সে দুনিয়াওয়ালো’ গানটি ব্যবহৃত হয়েছে পিএম নরেন্দ্র মোদি’তে। আর এতেই চটেছেন সালমান। আসল গানটিতে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত, রবীনা টন্ডন এবং শিল্পা শেঠীকে। তবে পরিচালক মুকুল আনন্দ হঠাৎ মারা যাওয়া ছবিটি আর মুক্তি পায়নি। তার প্রিয় গানটিতে বিবেক ওবেরয়কে নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না দাবাং খান। ছবি মুক্তির আগে এতো সব বিতর্কের জেরে এখন দেখার বিষয় আগামী ৫ এপ্রিল ছবিটি মুক্তি পায় কিনা।




