রোহিঙ্গা ক্যাম্পে ২৭ জোড়া রোহিঙ্গার ‘গণ বিয়ে’
সোমবার (২৫ মার্চ) উখিয়ার থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে ২৭ জোড়া রোহিঙ্গার গণ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাশেদ এর উদ্যোগে এ বিয়ে সম্পন্ন হয়।উক্ত ক্যাম্পের সাইট ম্যানেজমেন্ট আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’ সার্বিক সহযোগীতায় ছিলেন। এ গণ বিয়ের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম।
সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্প ইনচার্জের হলরুমে এ গণ বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর রোহিঙ্গা নব দম্পতিদের সাথে কথা বলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। ক্যাম্পের প্রধান ইমাম মাওঃ নুরুল ইসলাম এ গণ বিয়ে পড়ান। এসময় উপস্থিত বর-কনে ও তাদের পরিবারের সদস্যদের আনন্দ মুখর ছিলেন। গণ বিয়ে শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়।মোহাম্মদ আবুল কালাম বলেন ‘ইসলাম শান্তির ধর্ম। তাই ক্যাম্পে কোন ধরনের অনিয়ম কিম্বা বিশৃংখলা করা যাবেনা। তোমাদের সবার সুখি ও সুন্দর জীবন কামনা করছি’। পরে তিনি নবদম্পতিদের সাথে কথা বলেন।
ক্যাম্প ইনচার্জ ( সিআইসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাশেদ বলেন, ‘এ বিয়ে ক্যাম্পে নবসুচনা করল এবং এটিই কোন ক্যাম্পে সর্বপ্রথম গণ বিয়ে’।এসময় উপস্থিত ছিলেন এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ সাইট ম্যানেজমেন্ট ক্যাম্প ম্যানেজার ডক্টর সোহেল মাহমুদ, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ও অপারেশন মিনহাজ উদ্দিন আহমদ, উত্তম রোজারিও, মাহমুদ হাসান, জোন কো-অর্ডিনেটর আবিদ হাসান, মোহসিনা বেগম, মোঃ ইব্রাহীম, রাশেদুল করিম, মোহাইমিনুল মুন্না, লাক্সমি রানী, সেনা বাহিনীর সদস্য আবদুল মালেক ও ক্যাম্প ব্লকের সকল মাঝি।




