282303

বিশ্ববিদ্যালয় ছাত্রী জারিন জাহরার আর বিয়ের পিঁড়িতে বসা হলো না!

নিউজ ডেস্ক।। বিশ্ববিদ্যালয় ছাত্রী জারিন জাহরার বিয়ের কথাবার্তা চলছিল। আর কদিন বাদেই তিনি বিয়ের পিঁড়িতে বসতেন। তবে ঘর বাঁধার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী চলে গেছেন না ফেরার দেশে।

হবু বরের সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেছে তার। এমন দুর্ঘটনায় দুই পরিবারে এখন কেবল শোকের মাতম। থেমে গেছে বিয়ের আয়োজন। রোববার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন বোট ক্লাবের সামনে দুর্ঘটনায় নিহত হন জারিন। এসময় প্রাইভেট কারে থাকা হবু স্বামী ও তার বন্ধু আহত হন। নিহত জারিন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সে পড়াশোনা করতেন।

জানা গেছে, চন্দনাইশ উপজেলার এলাহাবাদ এলাকার ইফতেখার আহমেদ জিসানের সঙ্গে জারিনের বিয়ের কথাবার্তা চলছিল। উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা ছিল শিগগিরই। এর আগেই জারিন চলে গেছেন না ফেরার দেশে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হবু স্বামী ইফতেখারের সঙ্গে একটি প্রাইভেট কারযোগে রোববার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যান জারিন। সেখান থেকে ফেরার সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এটি চালাচ্ছিলেন ইফতেখারের এক বন্ধু। দুর্ঘটনায় তিনজনই আহত হন। আহত অবস্থায় জারিনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্যাম্পাসলাইভ২৪.কম

ad

পাঠকের মতামত