282458

‘কোপা আমেরিকায় খেলবেন মেসি’

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপের পর মেসি আর্জেন্টিনা দলে ফেরেন প্রায় সাড়ে আটমাস পর। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে এক ম্যাচ খেলেই দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। স্পেনের মাদ্রিদে ওই ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। অনেকের মনে তাই প্রশ্ন; মেসি কি আবার স্বেচ্ছাবিশ্রামে চলে গেলেন। বড় হার দিয়ে জাতীয় দল তাকে ‘বরণ’ করেছে। এরপরও মেসি আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন তো। মনের মধ্যে চাপা প্রশ্নের উত্তর দিয়েছেন মেসির নতুন আর্জেন্টিনা গুরু লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, কোপা আমেরিকায় খেলবেন মেসি।

মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা মঙ্গলবার রাত একটায় মাঠে নামবে। ওই ম্যাচের আগে আর্জেন্টিনা বস জানান, ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হারের আগে মেসির সঙ্গে কোপা আমেরিকা নিয়ে তিনি কথা বলেননি। কোচের কথা থেকেই বোঝা যায়, অন্যদের মতো কোচের মনেও সংশয় ছিল, এমন হারের পর মেসি জুনে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আকাশি-নীল জার্সি পরবেন কিনা।

বার্সেলোনা তারকা কোপা আমেরিকায় খেলার বিয়ষ নিশ্চিত করেছেন বলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, ‘মেসি আমাদের সঙ্গে কোপা আমেরিকায় থাকছেন। এটা পরিষ্কার। তিনি খেলার ব্যাপারে তার সর্বোচ্চ ইচ্ছাটাই প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আমরা এটা নিয়ে আলাপ করেছি। কিভাবে আরও ভালো দল গড়া যায় সে আলাপ হয়েছে আমাদের।’

মরক্কোয় ইনজুরির কারণে দলের সঙ্গে যাননি মেসি। দল মেসি নির্ভর নয় বলেও দাবি করেছেন আর্জেন্টিনা কোচ। রাশিয়া বিশ্বকাপের পর মেসিকে ছাড়া অবশ্য বেশকিছু ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তরুণ দল নিয়ে জয়ও পেয়েছে, ‘আমরা মেসির ওপর নির্ভরশীল নই। নির্ভরশীলতা যেন তৈরি না হয় সেটা নিয়েই কাজ করতে চাই। তবে মেসি আমাদের জিততে সহায়তা করবে এটা ঠিক।’

ad

পাঠকের মতামত