ইমরান খানকে মাহাথির মোহাম্মদের গাড়ি উপহার
আন্তর্জাতিক ডেস্ক: ৩ দিনের সফরে পাকিস্তানে এসে ভাতৃত্ববোধের এক অনন্য নজির স্থাপন করলেন মালেয়শিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। খবর: ডনের।ইমরান খানের আমন্ত্রণে দেশটিতে সফরে আসেন মাহাথির মোহাম্মদ। শুক্রবার পাকিস্তান দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাহাথির।
এ সময় পাকিস্তানের করাচিতে মালয়েশিয়ার গাড়ির ব্র্যান্ড প্রোটনের একটি কারখানা দেয়ার ঘোষণা দেন ড. মাহাথির। এ উপলক্ষে সেখানে পাক প্রধানমন্ত্রীকে নিজ দেশের তৈরি এক্স৭০ মডেলের একটি গাড়ি উপহার দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। সফর শেষ করে শনিবার পাকিস্তান ত্যাগ করেন মাহাথির। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় দুই দিনের সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে সময় মাহাথিরকে পাকিস্তান জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন পাক সরকারপ্রধান।




