আরও নারীর সঙ্গে ছবি শেয়ার করলেন সেই আলোচিত চেয়ারম্যান
আপত্তিকর অবস্থায় এক নারীর সঙ্গে তোলা ছবি সরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরও নারীর সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন বান্দরবানের আলীকদমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম।গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে নিজের ফেসবুক ওয়ালে আগের ছবিগুলো সরিয়ে নতুন ছবি শেয়ার করেন তিনি।ছবিগুলো শেয়ার করে চেয়ারম্যান লিখেছেন, ‘যে ছবিটি নিয়ে আমার বিরোধী পক্ষ একটি সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন। সেই ছবিটি আমার নির্বাচনের একজন একনিষ্ঠ কর্মীর। নির্বাচনের সময় তারা আমার পক্ষ অবলম্বন করার কারণে অনেক হয়রানির শিকারও হয়েছে। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক। মেয়েটি আমাকে দেখামাত্র আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরে। আমিও সরল বিশ্বাসে তাকে জড়িয়ে ধরে শত মানুষের সামনে ছবি তুলি।’
এখানে লুকোচুরি, অসৎ উদ্দেশ্য বা নারী পুরুষের সম্পর্ক যারা খুঁজবে, তারা আসলে সাম্প্রদায়িক এবং হিংস্র বলেও উল্লেখ করেন আবুল কালাম।তিনি লেখেন, ‘নির্বাচনে পরাজিত পক্ষ এবং কিছু উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি এই সরল, প্রকাশ্য ব্যাপারটাকে আমার বিপক্ষে প্রতিশোধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করা হচ্ছে তাই ছবিগুলো সরিয়ে নিলাম। এরকম আরো অনেক ছবি শেয়ার দিলাম। পরাজয়ের বেদনা ঢাকতে যারা এসব নিয়ে প্রতিহিংসার রাজনীতিতে নেমেছেন, তাদের জন্য সমবেদনা।’
গত সপ্তাহে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন সাবেক বিএনপি নেতা মো. আবুল কালাম। এর পর ২২ মার্চ স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে যান তিনি। ওই পাড়াটিতে মূলত ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষদের বসবাস।পরে ম্রো সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সংবর্ধনা নেওয়ার সময় আবুল কালাম সবার সামনে এক নারীর সঙ্গে বেশ আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ছবি ভাইরালও হয়।
ছবিতে দেখা যায়, ম্রো নৃগোষ্ঠির এক নারীকে সবার সামনেই জড়িয়ে ধরে আছেন। ওই নারীর আচরণে বোঝা যায়, তিনি এতে খুবই অস্বস্তিবোধ করছেন। শুধু তাই নয় চেয়ারম্যানের কাছ থেকে দূরে যেতে চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্যদিকে চেয়ারম্যানও তাকে জোরপূর্বক ধরে রাখার চেষ্টা করেন।বান্দরবন প্রতিনিধি ওই নারীর পরিচয় নিশ্চিত করে জানান, তিনি একজন বিধবা। ওই নারীর ভাই স্থানীয় এমএনপি কমান্ডারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চেয়ারম্যান আবুল কালাম ওই পাড়ায় সংবর্ধনা নিতে আসেন।এদিকে ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই চেয়ারম্যানের সমালোচনায় করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে।




