রেলমন্ত্রীকে বহনকারী ট্রেনেও অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে বহনকারী ঢাকা-লালমনিরহাট চলাচলকারী ‘লালমনি এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে কঠোর নিরাপত্তা বলয় থাকার পরও ঐ ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবেদ আলী (৫০) এক কলা ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ‘ঠ’ বগিতে এই ঘটনা ঘটে।এই ট্রেনের একটি বিশেষ স্যালুনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন দুইদিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামের রেলপথ পরিদর্শনে আসেন। এই ট্রেনেই একমাত্র মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা করার জন্য শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন আবেদ আলী।
জানা যায়, ঐদিন রাতে লালমনিরহাটের উদ্দেশ্যে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছায়।জানা যায়, যমুনা সেতু আসার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
লালমনিরহাট স্টেশন মাষ্টার নিজাম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, “অজ্ঞান পার্টির খপ্পরে পড়া একজন ট্রেনযাত্রীকে প্লার্টফর্মে পাওয়ার পর চিকিৎসার জন্য লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়েছি”।লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী বলেন, “২৩ মার্চ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি সনাক্তে অনুসন্ধান ও গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।”
এছাড়াও রেলপথ মন্ত্রীকে বহনকারী বুড়িমারী স্থলবন্দর স্টেশনগামী বিশেষ বুড়িমারী শাটল ট্রেনটি কাকিনা রেলস্টেশন পৌঁছালে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জিআরপি থানার ওসি বলেন, ” এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই বিষয়েও তদন্ত চলছে”।জানতে চাইলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কোন মন্তব্য করতে রাজি হননি। সূত্র: ঢাকাট্রিবিউন




