মেসির ফেরার দিনে ভেনিজুয়েলার কাছে আর্জেন্টিনার করুণ হার (ভিডিও)
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছে ভেনিজুয়েলা। মেসি ফিরলেও আর্জেন্টিনাকে জয় এনে দিতে পারেন নি। দীর্ঘ প্রায় ১০ মাস পরে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন মেসি। এটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের শুরুতেই ভেনিজুয়েলাকে এগিয়ে দেন সলোমন রনদন। ম্যাচের ৩০ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে একাই ডি বক্সের কাছাকাছি চলে যান মেসি। বাড়ান ক্রস, খুঁজে পান লাউটারো মার্টিনেজকে; কিন্তু মার্টিনেজের হেড রুখে দেন ভেনিজুয়েলার গোলরক্ষক।
৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পায় ভেনিজুয়েলা। কিন্তু ম্যাসিসের শট রুখে দেন ফ্রাঙ্কো আর্মানী। ৪২ মিনিটে আবারও লাউটারো মার্টিনেজের উদ্দেশ্যে বল বাড়ান মেসি। তার হেড আবারও লক্ষভ্রষ্ট হয়। ৪৪ মিনিটে আবারও এগিয়ে যায় ভেনিজুয়েলা। জন মুরিওর দূরপাল্লার শত পরাস্ত করে আর্জেন্টাইন গোলরক্ষক আর্মানীকে।
দ্বিতীয়ার্ধে অনেক গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ৫৯ মিনিটে লাউটারো মার্টিনেজের গোলে ব্যবধান কমায় তারা। ৭৫ মিনিটে পেনাল্টি পায় ভেনিজুয়েলা। জোসেফ মার্টিনেজ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। মেসি ফিরলেও কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না আর্জেন্টিনা। পরের ম্যাচে আগামী ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
https://www.youtube.com/watch?v=cWNCpApa_IY




