বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
নিউজ ডেস্ক।। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ভারতীয় কিছু শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ভুয়া কাগজপত্র জমা দেয়ায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা-শিক্ষা দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, ভারতশাসিত কাশ্মীরের কিছু শিক্ষার্থী পরিচয় গোপন করে অন্য প্রদেশের শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করেছেন, কেউ কেউ ভর্তিও হয়েছেন। গত মাসের মাঝামাঝি ভারতের একটি সংস্থা ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এমন তথ্য জানায়। এরপরই বাংলাদেশ কর্তৃপক্ষ ভর্তি স্থগিত করে এবং তদন্তের সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা-শিক্ষা) মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। খুব দ্রুতই তদন্ত শেষ হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন উপ-পরিচালকের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে সার্কভুক্ত দেশগুলোর জন্য ১০৭টি ও অন্যান্য দেশের জন্য ১০৯টি আসন আছে। অন্যদিকে তিনটি শিক্ষাবর্ষ পার করেছে এমন বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদিত আসনের ৫০ শতাংশে বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে দেড় হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। এর প্রায় ৯০ শতাংশ ভারতীয়। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অন্যান্য দেশের সঙ্গে ১ হাজার ভারতীয় ও ১০০ নেপালি শিক্ষার্থী আবেদন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, সরকারি মেডিকেল কলেজে ভারতের শিক্ষার্থীদের জন্য ২২টি আসন বরাদ্দ।




