281373

আল্লামা শফী দেহরক্ষী চাইলেন ওলামাদের জন্য

নিউজ ডেস্ক।। দেশের শীর্ষস্থানীয় সব ওলামার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। ওলামাদের জন্য তিনি দেহরক্ষী চেয়েছেন। আজ ২৩ মার্চ, শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে আল্লামা শফী পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হেফাজতে ইসলামীর আমির বলেন, ‘বাংলাদেশে এমনটা হবে না তা শতভাগ নিশ্চিত করে বলা যায় না। তাই শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিরাপত্তার লক্ষ্যে দেহরক্ষী রাখা জরুরি। কারণ তারা দেশের অমূল্য সম্পদ এবং উম্মাহর পথপ্রদর্শক। কাজেই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আহমদ শফী বলেন, ‘সারা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতন ও নিপীড়নের শিকার। বড় সংকটময় পরিস্থিতিতে তারা জীবনযাপন করছেন। পৃথিবীর প্রায় সবকটি মুসলিম দেশ শত্রুদের দ্বারা আক্রান্ত। পাশ্চাত্যের অপসংস্কৃতির কালো থাবা মুসলিম উম্মাহকে পর্যুদস্ত করে চলেছে। এমন সংকটময় মুহূর্তেও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দিকহারা উম্মাহর পথপ্রদর্শনে নিয়োজিত আছেন। ফলে মুসলিম উম্মাহ এখনও সত্য ও সঠিক পথের ওপর পরিচালিত হচ্ছে।’

বিবৃতিতে হেফজাতে ইসলামীর আমির বলেন, ‘ইহুদি-খ্রিস্টান এবং শিয়া সম্প্রদায় মুসলিম উম্মাহকে নেতৃত্বশূন্য করে দেয়ার লক্ষ্যে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের হত্যার টার্গেট নিয়েছে। এই অপচেষ্টায় যদি তারা সফল হয়ে যায়, তাহলে মুসলিম উম্মাহ সহজেই দিক হারিয়ে ফেলবে। তাই উম্মাহর রাহবারদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সন্ত্রাসীরা।’

‘এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার সময় পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এবং তার স্ত্রী সুস্থ আছেন। কিন্তু দেহরক্ষী শাহাদাতবরণ করেছেন এবং দু’জন আহত হয়েছেন। আমি শহীদদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি,’ বলেন আল্লামা শফী। উৎস: বাংলা রিপোর্ট।

ad

পাঠকের মতামত