আশা করি নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশঃ কিউই ক্রীড়ামন্ত্রী
স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চ হামলার সাক্ষী হওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট দল দেশটিকে নিরাপদ ভাববে বলে আশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন। ভবিষ্যতে সেখানে সফরে যাবেন টাইগার ক্রিকেটার ও সমর্থকেরা। গ্র্যান্ট রবার্টসন বলেন, আমি আশা করি; ভবিষ্যতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকেরা নিরাপদ অনুভব করবে। তাদের দুই হাত খুলে উষ্ণ অভ্যর্থনা জানাবেন কিউইরা।
সম্প্রতি ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। আহত হন প্রায় ২৫-৩০ জন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা। শহরের হ্যাগলি ওভালে হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষটি। তবে বর্বর সেই হামলার পর সেটি বাতিল হয়ে যায়। পরে নিরাপদে দেশে ফিরে আসেন তামিম-মুশফিকরা।




