অর্ন্তবাসে সোনা : এক বিমানবালা কারাগারে, আরেকজন ফের রিমান্ডে
অর্ন্তবাসে লুকিয়ে রাখা স্বর্ণ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার দুই বিমানবালার একজনকে কারাগারে এবং আরেকজনকে আবার রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে ওই দুই বিমানবালাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের ওই আদেশের পর শাহজালাল থেকে চার কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার বিমানবালা সায়মা আক্তারকে ফের দুই দিনের রিমান্ড এবং ফারজানা আফরোজকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১৯ মার্চ ওই দুই আসামির পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ মার্চ সৌদি এয়ারলাইন্সের ওই দুই বিমানবালাকে ৪ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারসহ আটক করা হয়। আসামি ফারজানার কাছ থেকে ১০টি এবং সায়মার কাছ থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে থাকা কাস্টম হাউসের একটি দল সৌদি আরব থেকে রাত ২টায় আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসভি ৮০২-এর দুইজন বিমানবালাকে অনুসরণ করেন। পরবর্তী সময়ে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন। কিন্তু নারী কর্মকর্তারা তাদের দেহ তল্লাশি করে অন্তর্বাস থেকে মোট ৩৬টি স্বর্ণবার উদ্ধার করেন।




