সৌদি প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল, বিউটি পার্লারের মালিক গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে বিপ্লব খান (৩৭) নামের এক ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ওই ব্যক্তিকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশ। বিপ্লব খান উপজেলার মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি দৌলতপুর বাজারে বৈশাখী বিউটি পার্লারের মালিক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, স্থানীয় এক গৃহবধূ মঙ্গলবার বিকেলে আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ওই গৃহবধুর স্বামী সৌদি প্রবাসী। তার মেয়ের বান্ধবীর বাবা বিপ্লব খানের সঙ্গে পারিবারিক সুসম্পর্ক থাকার কারণে বিভিন্ন সময়ে মোবাইলে তাদের ছবি তোলেন বিপ্লব। প্রবাসে থাকা গৃহবধূর স্বামী দেশে আসার কথা শুনে তিনি ওই গৃহবধূকে হুমকি দিয়ে বলেন, তার সঙ্গে অনৈতিক সম্পর্কে না জড়ালে ওইসব ছবি এবং মেসেজ তার স্বামীকে দেখাবেন। এরপরই ওই নারী থানায় মামলা করেন।




