খানজাহান আলীর মাজারে তিন দিনের মেলা শুরু
বাগেরহাট প্রতিনিধি: খানজাহান অলীর (রহ.) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক মেলা শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয়। বুধবার ফজরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়েছে। চলবে ২২ মার্চ রাত পর্যন্ত। প্রায় সাড়ে ৬শ’ বছর ধরে খানজাহানের (রহ.) মাজারে এই মেলা চলে আসছে। এবার মেলায় বিশৃঙ্খলা এড়াতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ মাজারে জড়ো হতে শুরু করেছেন। ভক্তরা তিন দিন অবস্থান করবেন মাজারে। নিজের মনোবাসনা পূরণের আশায় স্রষ্টার আরাধনায় মগ্ন থাকবেন তারা। এই তিন দিন লালন, মুর্শিদী, ভাটিয়ালী ও বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করবেন ভক্তরা। রাতভর লোকে-লোকারণ্য থাকবে মাজার প্রাঙ্গণ। মেলায় আসা টাঙ্গাইলের খোকন হাওলাদার বলেন, অনেকদিন ধরে মাজারের মেলার গল্প শুনে আসছি। অনেকবার চেষ্টা করছি; কিন্তু আসা হয়নি। এবার সিদ্ধান্ত নিয়ে চলে এলাম। দেখলাম, খুব ভালো লাগছে।
শিক্ষার্থী শহিদুল ইসলাম ও তানজিম আহমেদ বলেন, মেলার প্রস্তুতির খবর শুনেই মাজার প্রাঙ্গণে এলাম। অসাধারণ সাজগোজ দেখে খুব ভালো লাগছে। রাতের আলোক সজ্জা আমাদের খুব আকর্ষণ করেছে। মাজারের খাদেম মোস্তফা ফকির বলেন, মুরব্বিদের ধারণা মতে প্রায় সাড়ে ৬শ’ বছর ধরে মাজারে এই মেলা চলে আসছে। আধ্যাত্মিক জগতের গুরু পীর খানজাহানের অগণিত ভক্ত দূর দুরান্ত থেকে এসে মাজার, দীঘিরপাড়সহ বিস্তীর্ণ স্থান জুড়ে যে যার মত করে আসর বসান। ধর্মবর্ণ নির্বিশেষে সব ভক্তের পদচারণায় মাজার প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়ে ওঠে।
মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন, প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা বসে। খানজাহানের হাজারো ভক্ত তাদের মনোবাসনা নিয়ে মেলায় হাজির হন। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, নিরাপত্তার স্বার্থে পুরো মেলায় পর্যাপ্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা দিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।




