279994

প্রধানমন্ত্রীর কাছে মেয়র আইভীর বিরুদ্ধে নালিশ

নিউজ ডেস্ক।। সম্প্রতি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ নারায়াণগঞ্জ’। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে এ স্মারকলিপি দেয়া হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান, ফেরদৌস জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সচেতন নাগরিক সমাজ সংগঠনটি শামীম ওসমানের সমর্থক গোষ্ঠীর সংগঠন বলে পরিচিত।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি, নারায়ণগঞ্জে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেই একটি জনবিচ্ছিন্ন শ্রেণী ঐতিহ্যবাহী ওসমান পরিবারকে লক্ষ করে মাঠে নামে এবং বিভিন্ন আপত্তিকর বক্তব্য প্রদান করে।

সংবিধানের বাহক সেজে জামায়াত-শিবিরের সাথে আঁতাত করা, ক্ষমতার জন্য লালায়িত কিছু বড় বড় ডক্টর সাহেবদের প্রেসক্রিপশনে ঘনঘন রাজধানী থেকে তথাকথিত কিছু সুশীল নারায়ণগঞ্জে আসছেন। তারা একই সাথে আপনার বর্তমান সরকারের কুৎসা রটনার পাশাপাশি নারায়ণগঞ্জের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টায় লিপ্ত থাকেন।

‘পরিতাপ হয়, ক্ষোভ হয়, যখন দেখি যার আহ্বান ও সমর্থনে এসব সুশীল আসেন, তিনি হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করলাম, গত ৬ মার্চ আইভী জনসম্মুখে বললেন, নারায়ণগঞ্জে আজ পর্যন্ত যত খুন হয়েছে সেসব ওসমান পরিবারের দ্বারা হয়েছে। আমরা স্তম্ভিত হলাম।’

বিচার চলাকালীন কোনো মামলা নিয়ে মন্তব্য করা অনুচিত উল্লেখ করে আইভীর প্রতি নির্দেশ করে স্মারকলিপিতে আরো লেখা হয়, ‘আমরা অবাক হলাম যখন শুনলাম মেয়র আইভী বলছেন, ‘সাগর-রুনির ব্যাপারে আমরা অনেক কিছু জানি। অনেক কিছু জড়িত, তনু হত্যার বিচার কেন হচ্ছে না, সেটাও জানি কারা জড়িত।’
জেলা প্রশাসক রাব্বি মিয়া স্মারকলিপি পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে আমাদের নারায়ণগঞ্জ জেলার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমি স্মারকলিপিতে দেখেছি সচেতন নাগরিক সমাজ প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে এই স্মারকলিপিটি লিখেছেন। আমি জেলা প্রশাসক হিসেবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, প্রশাসনিক পন্থায় প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করব। স্মারকলিপির সাথে একটি পেনড্রাইভও দেয়া হয়েছে। সম্ভবত সফট কপিটা পেনড্রাইভে দেয়া হয়েছে।

নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী বলেন, ‘সচেতন নাগরিক সমাজের ব্যানারে যারা দাঁড়িয়েছে তাদের চিনি না, তাদের চিনতেছি না। এই ব্যানারে কুতুবউদ্দিন আকসির পর্যন্ত জানি। নব্য সচেতন নাগরিক সমাজের ব্যাপারে জানি না। তিনি বলেন, ‘মেয়র আইভী একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। মেয়র নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এমন কর্মকাণ্ড আমরা কেউ দেখিনি। মেয়র সবসময় প্রতিবাদমুখর। তার এই অভ্যাসটিকে আমরা খারাপ চোখে দেখি না। উৎস: নয়াদিগন্ত।

ad

পাঠকের মতামত