279437

সৃজিতের সঙ্গে শুটিং করলেই বিয়ের গুজব!

বিনোদন ডেস্ক।। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। অনেকেই তাকে প্রেমিক পরিচালক বলে থাকেন। তার সঙ্গে যে নায়িকাই কাজ করেন, শুরু হয় বিয়ের গুজব! কিছু দিন আগে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তার বিয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু এখনো বাস্তব চিত্র দেখা যায়নি। এবার বাংলাদেশের অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্কের খবর হঠাৎ করেই জানা গেছে। দুজনের এই সম্পর্ক নাকি এখন আর শুটিং ফ্লোরে আটকে নেই। মিথিলা কলকাতা শহরে পা রাখার পর থেকে সৃজিত তাকে নিয়ে ঘুরে বেড়ান। মিথিলাকে কলকাতা শহর দেখিয়েছেন।

পরিচালকের ঘনিষ্ঠ মহলের খবর, তারা দুজন নাকি আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তা নিয়ে খবরও বেরিয়েছে। আসলে বিষয়টি কী? মিথিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে সৃজিত মুখার্জি বলেন, ‘টাইমস অব ইন্ডিয়াতে আমিও খবরটা পড়েছি। একটা জল্পনা চলছে, এটুকুই। বিয়ের একদমই কোনো সম্ভাবনা নেই।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘২০১০ সাল থেকে আজ পর্যন্ত যে কজন নায়িকার সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ৯০ শতাংশের সঙ্গে এমন জল্পনা হয়েছে। এটাকে আমি মেনে নিয়েছি। এসব জল্পনা অধিকাংশ সময়ই ভিত্তিহীন হয়েছে, আর কিছু সময়ে সঠিক হয়েছে। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল। তবে মিথিলা আমার ভালো বন্ধু, তা নিয়ে কোনো সংশয় নেই।’ বাংলাদেশের আরেক অভিনয়শিল্পী জয়া আহসানের সঙ্গেও পরিচালক সৃজিত মুখার্জির প্রেম নিয়ে নানা কথা শোনা গেছে। এখন এটাও দেখার অপেক্ষা, মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্কের ইনিংস কতটা দীর্ঘ হয়।

মিথিলা কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। গায়ক অর্ণবের মামাতো বোন মিথিলা। তার সূত্রেই সৃজিতের সঙ্গে পরিচয়। এর পর সৃজিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য অর্ণবের গানের ভিডিওতেও যুক্ত হন মিথিলা। গানটির ভিডিওতে তিনি কী করছেন, তা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। অর্ণবের গানটির কাজে এত দিন মিথিলাকে কলকাতায় থাকতে হলেও গতকাল থেকে তিনি ঢাকায়। অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত