279762

যুবকের মাথার উপর দিয়ে চলে গেল ট্রাকের চাকা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নামক স্থানে ট্রাকের চাপায় লিটন আনছারী (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগুড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দিক আনছারীর বড় ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটন আনছারী প্রয়োজনীয় কাজে বাগআঁচড়া বেলতলা বাজারে যাচ্ছিলেন। যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যশোরগামী একটি মুরগীর বাচ্চাবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট- ১৫-১৭৪৯) একটি রিকশা ভ্যান অতিক্রমের সময় রাস্তার ডানে চাপ দেয়।

এ সময় মোটর সাইকেলটি রাস্তার খাদে পড়ে গেলে মোটর সাইকেল আরোহী লিটন রাস্তার উপর পড়ে যায়। মুহুর্তের মধ্যে ট্রাকটি মোটর সাইকেল আরোহী লিটনের মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নাভারন-সাতক্ষীরা সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুকদেব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করে।

পরে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক টিটু ঘটনাস্থলে যেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেন। দুর্ঘটনার পর পরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত