সিএনজি চালাচ্ছেন অভিনেতা সজল
ঢাকার রাস্তায় এখন অনেক সিএনজি’র ওপরে সবুজ বনায়ন লক্ষ্য করা যায়। সবুজের প্রতি ভালোবাসা কিংবা প্রকৃতিকে বাঁচাতে, চালক তার যানবাহনটি গাছ দিয়ে সাজিয়ে থাকেন। এমনই এক সিএনজি’র চালক হলেন জনপ্রিয় অভিনেতা সজল। উত্তরার বিভিন্ন স্থানে তিনি ছুটছেন সিএনজি নিয়ে। আর তাকে দেখে রীতিমত অবাক হচ্ছেন যাত্রীরা। তাহলে কি অভিনয় ছেড়ে সিএনজি চালাচ্ছেন এই অভিনেতা। নাকি এই পেশাকে পার্টটাইম হিসেবে বেছে নিয়েছেন তিনি। জানতে চাওয়া হলো এই অভিনয় শিল্পীর কাছেই।
সজল বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিএনজি চালাচ্ছি। এটি একটি টেলিছবির কাজ।’ বাকিটা বললেন, নির্মাতা অঞ্জন আইচ।তিনি জানান, এটি ‘এভাবেও ভালোবাসা হয়’ টেলিছবির দৃশ্য। ক’দিন ধরে উত্তরায় এর দৃশ্যধারণের কাজ চলছে। এর গল্প লিখেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। সজলের পাশাপাশি এতে অভিনয় করছেন লাক্স সুপারস্টার মিম মানতাসা, শিল্পী সরকার অপুসহ অনেকে। আগামী ২২ মার্চ ‘এভাবেও ভালোবাসা হয়’ প্রচার হবে চ্যানেল আইতে।




