279007

১০ ভরি স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন মাইক্রোবাস চালক

কনেকে নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফির ছিলেন বরযাত্রীরা। অসাবধানতাবশত গাড়িতে রয়ে যায় ১০ ভরি স্বর্ণালঙ্কার। বিয়ে বাড়িতে পৌঁছার পর সবাই কনেকে নিয়েই ব্যস্ত। কারো মনে নেই স্বর্ণালাঙ্কারের কথা। বরপক্ষের লোকজনের যখন স্বর্ণালঙ্কারের কথা মনে পড়ল ততক্ষণে মাইক্রেবাস চালকও বরযাত্রীদের নামিয়ে চলে গেছেন। এদিকে স্ট্যান্ডে ফিরে গাড়ি পরিস্কার করছিলেন চালক। এসময় গাড়িতে একটি বক্স পড়ে থাকতে দেখে সেটা খুলে দেখেন তাতে রয়েছে স্বর্ণালঙ্কার। তা দেখেই তিনি বুঝে গেলেন সেটা বরযাত্রী পক্ষের লোকজন গাড়িতে ফেলে গেছেন। অপেক্ষা না করেই গাড়ি নিয়ে আবারও ছুটলেন বরের বাড়িতে। অবশেষে ফিরিয়ে দিলেন সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালঙ্কার।

ঘটনাটি শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলারতলিপার এলাকায় ঘটেছে। গাড়িতে বরপক্ষের লোকজনের ফেলে যাওয়া ১০ ভরি স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়ে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন জাকির হোসেন (২২) নামের এ মাইক্রোবাস চালক। জাকির বড়লেখার তেলিরগুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কলারতলিপার গ্রামের মো. আব্দুস সালামের পুত্র ইতালি প্রবাসি সাইফুর রহমান ইজামের সঙ্গে শুক্রবার জুড়ী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে নূরানী জান্নাতের বিয়ে আয়োজন ছিল। বিয়ের অনুষ্ঠান শেষে বিকেলে মাইক্রেবাসযোগে বরপক্ষের লোকজন কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় অসাবধানতাবশত জাকিরের গাড়িতে রয়ে যায় কনের ১০ ভরি স্বর্ণালঙ্কার। বাড়িতে বরযাত্রীদের নামিয়ে দিয়ে চালক জাকির ফিরে যান গাড়ি স্ট্যান্ডে।

এদিকে হঠাৎ বর সাইফুর রহমানের বাড়ির লোকজনের মনে পড়ে স্বর্ণালঙ্কারের কথা। তারা যখন চালকের খুঁজে বের হবেন, ঠিক সেসময় স্বর্ণ নিয়ে হাজির হন জাকির। পরে বরের হাতে তুলে দেন ১০ ভরি স্বর্ণালঙ্কার। বর সাইফুর রহমান ইজাম শনিবার রাতে জানান, স্বর্ণালঙ্কারগুলো ভুলবশত গাড়িতে রয়ে গিয়েছিল। কারো মনে ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো স্বর্ণগুলো চুরি হয়ে গেছে। এরপরও যখন খোঁজ করছিলাম ঠিক তখনই চালক জাকির হোসেন স্বর্ণগুলো নিয়ে হাজির হন। স্বর্ণগুলো ফিরিয়ে দিয়ে জাকির সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাকিরের মতো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছেন। তার কাছে আমরা চিরকৃতজ্ঞ।

মাইক্রেবাস চালক জাকির হোসেন জানান, অন্যের জিনিসের প্রতি আমার কোন লোভ নেই।যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে স্ট্যান্ডে ফিরে গাড়ি পরিস্কারের সময় গাড়ির ভেতরে একটা বাক্স পড়ে থাকতে দেখি। সেটি হাতে নিয়ে খুলে দেখি স্বর্ণলঙ্কার। এরপর সেটা নিয়ে সোজা বরের বাড়িতে গিয়ে বরের হাতে তুলে দেই।

ad

পাঠকের মতামত