‘ব্রেন্টন সন্ত্রাসী নয়, কেন?’ প্রশ্ন রিকি মার্টিনের
ডেস্ক রিপোর্ট।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিরীহ মুসল্লিদের নির্মমভাবে খুন করার পরও শ্বেতাঙ্গ ব্রেন্টন ট্যারান্টকে ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা না করায় পাশ্চাত্য মিডিয়ার উপর বেজায় চটেছেন বিখ্যাত গায়ক রিকি মার্টিন। পুয়ের্তোরিকার এই তারকা শিল্পী যিনি ল্যাটিন পপের রাজা হিসেবে সুপরিচিত তিনি নিজের ইনস্টাগ্রামে আন্তর্জাতিক মিডিয়ার সমালোচনা করে পোস্ট করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে রিকি মার্টিন লিখেন, ‘ওই লোক ৪০ জনের বেশি নামাজিকে হত্যা করেছে এবং ২০ জনকে গুরুতরভাবে আহত করেছে। অথচ সব আন্তর্জাতিক মিডিয়া তাকে বন্দুকধারী এবং চরমপন্থী হিসেবে বর্ণনা করছে। কিন্তু সন্ত্রাসী নয়, কেন?? কারণ সে মুসলমান নয়!!’
প্রসঙ্গত, ২৮ বছর বয়সি সন্ত্রাসী ব্রেন্টন হ্যারিসন ট্যারান্ট অস্ট্রেলিয়ার নাগরিক। শুক্রবার সে ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে জুমার নামাজ পড়া মুসল্লিদের নৃশংসভাবে গুলি করে হত্যা করে। উল্লেখ্য, রিকি মার্টিন ‘দ্য কাপ অব লাইফ’ গানটির মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের অফিসিয়াল গান ছিল এটি।




