279179

মায়ের পর সৎ মায়েরও মৃত্যুর পর ২ শিশুকে রেখে উধাও বাবা

ছয় মাস আগে মারা যান জন্মদাত্রী মা। আর এই ছোট্ট শিশু দু’টিকে লালন-পালন করার জন্য আরেকটি বিয়ে করেন বাবা। রোববার (১৭ মার্চ) সেই মায়েরও মৃত্যু হয়েছে।এই সৎ মায়ের মৃত্যুর পর রহস্যজনক কারণে পালিয়ে গেছেন বাবা। এই অবস্থায় মোহনা আক্তার (৭) ও মাইশা আক্তার (৪) নামে শিশু দু’টির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা।রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসার বাসিন্দা মোহনা-মাইশার সৎ মা ময়না আক্তারের (২২) অস্বাভাবিক মৃত্যুর পর থেকে পলাতক রয়েছেন তাদের বাবা মনির হোসেন।ময়না স্বামীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে মনিরের ভাবি লিপি বেগম জানান, ‘প্রথম স্ত্রী আমেনা মারা যাওয়ার পর ময়নাকে বিয়ে করেন মনির। তারা খিলগাঁওয়ের নন্দিপাড়ার রসুলবাগে থাকতেন। সন্ধ্যায় মনির একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ময়নাকে ‘অচেতন অবস্থায়’ লিপিদের বাসা খিলগাঁওয়ের সিপাহীবাগে নিয়ে আসেন।তখন মনির জানান, ‘ময়না অসুস্থ’। এরপর অ্যাম্বুলেন্স আনার কথা বলে চলে যান। মনিরকে আসতে না দেখে পরে লিপিই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন ময়নাকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ময়না শিশু দু’টিকে খুব আদর-যত্ন করতো। জন্মদাত্রী মায়ের পর পালক মায়েরও এমন মৃত্যুর পর বাবা পালিয়ে যাওয়ায় শিশু দু’টির ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তা সবার।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে বাসার ভেতরে ময়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তারপরও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ময়নার মরদেহ মর্গে রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত