278702

চার লক্ষাধিক সই অস্ট্রেলিয়ান সেই সিনেটরকে বহিষ্কারের আবেদনে

ডেস্ক রিপোর্ট।। শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদ আল নূর এবং লিনউড মসজিদে হামলার ঘটনা প্রসঙ্গে সারা বিশ্বের মুসলিমদের কুকর্মকারী বলা অস্ট্রেলিয়ার মুসলিমবিদ্বেষী সিনেটর ফ্রাজার অ্যানিংকে দেশটির পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে চার লক্ষাধিক মানুষ।

কেট আহমাদ নামের এক ব্যক্তি পিটিশন ওয়েবসাইট চেঞ্জ.ওআরজি’তে ‘পার্লামেন্ট থেকে ফ্রাজার অ্যানিংকে অপসারণ করা হোক’ শিরোনামে একটি পিটিশনের আয়োজন করেন। একদিনের মধ্যে এতে চার লক্ষাধিক মানুষ সই করেছেন। প্রতিবেদনটি প্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত চার লাখ ১২ হাজার ৭১৮ জন এতে সই করেছেন।

কেট আহমাদ লেখেন, আমাদের গণতান্ত্রিক ও বহু সংস্কৃতির দেশের সরকারে সিনেটর ফ্রাজার অ্যানিংয়ের কোনও ঠাঁই নেই। আমাদের অনুরোধ করছি যে তাকে সিনেটর পদ থেকে বহিষ্কার এবং সন্ত্রাসবাদকে সমর্থনের জন্য তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হোক।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার বিকেলে মেলবোর্নে একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যানিংয়ের পেছনে দাঁড়িয়ে থাকা এক ১৭ বছরে তরুণ তার মাথায় একটি ডিম ভাঙেন। পরিস্থিতি বুঝে ওঠার পর অ্যানিং এবং তার সমর্থকরা চড়থাপ্পড় মারতে শুরু করে ১৭ বছর বয়সী এই তরুণকে।

ধস্তাধস্তির একপর্যায়ে তারা এই তরুণকে মেঝেতে শুইয়ে ফেলে। পরবর্তীতে অ্যানিংয়ের সমর্থক ও সহযোগীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। অবশ্য পুলিশ তাকে চার্জ না করেই ছেড়ে দেয়। ইতোমধ্যে দেশটির সোশ্যাল মিডিয়ায় ‘অজি হিরো’ তকমা পেয়ে যান অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙা তরুণ।

উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলার প্রসঙ্গে অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রাজার অ্যানিং এক বিবৃতিতে বলেন, আজ মুসলিমরা হামলার শিকার হয়েছে, সাধারণত তারাই কুকর্মকারী। বিশ্বব্যাপী মুসলিমরা ‘একটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলের ওপর’ বিশ্বাসের নামে মানুষ খুন করছে।

ad

পাঠকের মতামত