তোমাকে নিয়ে ভাবছি বন্ধু, মুশফিককে মাইকেল ক্লার্ক
স্পোর্টস ডেস্ক : শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আল নূর মসজিদে ব্রেন্টন ট্যারেন্ট নামের এক সন্ত্রাসী আধুনিক অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। জুমার নামাজের সময় মসজিদের ভেতরে প্রবেশ করে তিনি নির্বিচারে গুলি চালান যাতে প্রায় ৫০ জন মুসল্লি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অল্পের জন্য এই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হামলার পর দুই বোর্ডের যৌথ সিদ্ধান্তে বাতিল করা হয় ক্রাইস্টচার্চ টেস্ট। ইতোমধ্যে ক্রিকেটাররা নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবেন। নিউজিল্যান্ড বিমানবন্দরে থাকাকালে বাংলাদেশের উদ্দেশে থাকা মুশফিক স্বস্তি প্রকাশ করে একটি টুইট বার্তা দেন। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে বাড়ি যাচ্ছি।’
মুশফিকের সেই পোস্টকে উদ্দেশ্য করে পুনরায় টুইট করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী ক্রিকেটার মাইকেল ক্লার্ক। মুশফিকের উদ্দশে তিনি লিখেন, ‘তোমার এবং তোমাদের দলের (বাংলাদেশ ক্রিকেট দল) কথা ভাবছি, বন্ধু।’
মুশফিক ও বাংলাদেশ দলের প্রতি ক্লার্কের এই সহমর্মিতা ও ভালোবাসা যেন এখন পুরো ক্রিকেট বিশ্বেরই প্রতীকী চিত্র। বিশ্বকাপের আগে টাইগাররা কত দ্রুত এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারে সেটিই এখন ভাববার বিষয়।




