জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য তাক লাগানো: র্যাব মহাপরিচালক
নিউজ ডেস্ক।। জঙ্গিবাদ দমনে বিশ্বের বুকে বাংলাদেশের সাফল্য তাক লাগানো বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা জানান। বেনজীর আহমেদ বলেন, পুরো বিশ্বে জঙ্গি দমনে আমাদের সাফল্য তাক লাগানো। এর পিছনে তিনটি বিষয় কাজ করেছে। একটি প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আর জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া। এসব কারণে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের জঙ্গি হামলার প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, আমি নিউজিল্যান্ডকে ছোট করে বলছি না, বলাও ঠিক না। নিউজিল্যান্ড একটি সার্বভৌম দেশ।
তবে এই ঘটনায় নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঘাটতি ছিল। যানজট না থাকার পরও ঘটনাস্থলে পুলিশ যেতে ৪০ মিনিট সময় নিয়েছে। এছাড়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা হলেও সেখানে তাদের নজরদারি ছিল না। র?্যাব’র মহাপরিচালক বলেন, যদি নিউজিল্যান্ড চায়, আমরা তাদের তথ্য, ডাটা দিয়ে নানাভাবে জঙ্গি দমনে সাহায্য-সহযোগিতা করতে পারি। কারণ, আমরা এ রকম একটি পরিস্থিতি থেকে সফলভাবে বের হয়ে এসেছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রসঙ্গে তিনি বলেন, বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে খেলতে অসে তখন তারা নিরাপত্তার ডিমান্ড করে। কিন্তু আমরা বাইরের দেশে গিয়ে সেরকম সুযোগ সুবিধা পাই না। আমি বিসিবিকে অনুরোধ করবো, এখন সময় এসেছে, আমাদের যে দেশ পূর্ণ নিরাপত্তা না দিবে সে দেশে খেলোয়াড়দের পাঠাবেন না। নিউজিল্যান্ডের ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান বেনজীর আহমেদ।
তিনি বলেন, শুক্রবারের ঘটনার পর আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। র?্যাব’র পক্ষ থেকেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে বেশকিছু জায়গায় এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। র্যাব ডিজি বলেন, নিউজিল্যান্ডের ঘটনার মাধ্যমে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পেরেছি যে, বিশ্বের কোনো দেশই জঙ্গি হামলার ঝুঁকিমুক্ত নয়। আমাদের দেশেও এ সমস্যা ছিল। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কাজ করে সমস্যাটি নিয়ন্ত্রণ করেছেন। বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সফল হয়েছি। তবে এখনও আমরা পরিতৃপ্ত নই। আমাদের পরিতৃপ্ত হওয়ার সুযোগ নেই। আর যেন কোনোভাবেই জঙ্গিরা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এখনো বলবৎ রয়েছে।
দেশের মানুষকে নিরাপত্তা দিতে আমরা সদা প্রতিজ্ঞাবদ্ধ।




