278359

তিন প্রতিনিধি হতাহতদের খোঁজ নিতে নিউজিল্যান্ড যাচ্ছেন

নিউজ ডেস্ক।। ফ্লাইট বন্ধ থাকায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো যাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ক্রাইস্টচার্চ শহরে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের খোঁজ নিতে ও তাদের সহজে সেবা দিতে শনিবার সকালে তিনজন প্রতিনিধি পাঠানো হবে। এর মধ্যে নিউজিল্যান্ডের রাজধানি অকল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং অস্ট্রেলিয়ার ক্যানভেরা থেকে বাংলাদেশ হাইকমিশনের দুইজন সেখানে যাবেন।

শুক্রবার বিকেলে সিলেট নগরের ঘাসিটুলায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো দল নেই, উন্নয়ন সবার জন্য। প্রধামন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন চান। সিলেট নগরীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে উন্নয়ন কাজ শুরু হয়ে শেষ হতে অনেক দেরি হয়। যে কারণে উন্নয়ন যে হারে হওয়া দরকার তা হয় না। সিলেট নগরীর ছোটবড় সব উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করা দরকার। এজন্য সব দলমতের ঊর্ধ্বে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় প্রতিনিধিদের এ বিষয়ে তদারকি করতে হবে।

ড. এ কে আব্দুল মোমেন ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করা, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বড় বড় প্রকল্প যথাসময়ে শেষ করতে তার সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, এ কাজগুলো হয়ে গেলে সিলেটের উন্নয়নের পথ প্রসারিত হবে। মানুষকে সহজ সেবা দেয়া সম্ভব হবে।

নগরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

পরে মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুল-লামাপাড়া-মোল্লাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এর আগে ও পরে মন্ত্রী নগরীর ৮ নম্বর ওয়ার্ডে গোয়ালিছড়া, কালীবাড়ি ছড়া, ১ নম্বর ওয়ার্ডে মালনীছড়া, মিরের ময়দান, ২ নম্বর ওয়ার্ডে রিকাবীবাজার, ৪ নম্বর ওয়ার্ডের দর্শনদেউড়ি ও দরগাহ মেইন রোড, ১৪ নম্বর ওয়ার্ডে চালিবন্দর ও ২০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

ad

পাঠকের মতামত