278473

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় দুই বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মোট ১০ জন বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে দুইজন নিহত, পাঁচজন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।এ সময় নিহত, আহত ও নিখোঁজদের নামও জানান তিনি।শনিবার (১৬ মার্চ) রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) অডিটোরিয়ামে এক সেমিনারে এ তথ্য জানান তিনি।

ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র (ডিকাব) ২১তম বার্ষিকী উপলক্ষে ওই সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন।এর আগে গণমাধ্যমে খবর প্রকাশ হয় এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হন।গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, তিনজন নয়, দুজন মারা গেছেন। মৃত ওই দুইজন হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ এবং হোসনে আরা ফরিদ (গৃহিণী)।প্রতিমন্ত্রী জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন লিপি ও মুমতাসিন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক। নিখোঁজ তিনজন হলেন মোজাম্মেল হক, জাকারিয়া ও শাওন।প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এদিকে এ ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তে এই হামলা চালানো। ক্রিকেটাররা দৌড়ে সেখান থেকে নিরাপদে আশ্রয় নেন।

ad

পাঠকের মতামত