নিউজিল্যান্ডে অস্ত্র আইন সংশোধন হবে, জানালেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট।। নিউজিল্যান্ডে মসজিদে গণহত্যার মূলহোতা ব্রেনটন ট্যারান্টের দখলে ছিলো পাঁচটি অস্ত্র, একটির লাইসেন্সও। গত ডিসেম্বরে কেনা অস্ত্রগুলোর মধ্যে দুটি সেমি অটোমেটিক রাইফেল ও দুটি শটগান রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেশটির যে অস্ত্র আইন, সেখানেই বিরাট একটা গলদ রয়েছে। তাই আবারও সে অস্ত্র আইন বদলানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা এরডার্ন। নিউজিল্যান্ড হেরাল্ড।
সকালে ওয়েলিংটনে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে বোঝা গেলো, তিনি ওই খুনির অস্ত্রের সংখ্যা জেনে বিব্রত। আর মসজিদে গণহত্যার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড সরকারের লজ্জাজনক একটি ব্যর্থতা তাকে তুলে ধরতেই হলো। ২০০৫ সাল থেকে চেষ্টা করেও দেশটি আগ্নেয়াস্ত্র আইন সংশোধন করতে পারেনি। ২০০৫, ২০১২ এবং সর্বশেষ ২ বছর আগে তিনটি উদ্যোগ কাজে আসেনি। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সঙ্গেই বলেছেন, এবার বন্দুক আইন বদলাবেই।




