278120

ক্রাইস্টচার্চের নৃশংস হামলা ‘ইসলামফোবিয়া’র ফসল: পাক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের নৃশংস হামলা ৯/১১ এর পর সৃষ্টি হওয়া ইসলামফোবিয়ার ফসল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক টুইটবার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, ৯/১১ এর পর থেকে ইসলামফোবিয়ার যে বিস্তার ঘটেছে, তার কারণে এতদিন যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের অপবাদ মুসলমানদের দেয়া হয়েছে। এখন যে মুসলমানদের ওপর নৃশংস হামলা হয়েছে, তা ওই ইসলামবিদ্বেষী মনোভাবেরই ফসল। জি নিউজ উর্দূর খবর।

তিনি বলেন, অমুসলিম দেশগুলোতে ইসলাম ধর্মের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ করতেই এমন হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

ইমরান খান বলেন, নৃশংস এ হামলার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসবাদকে কখনো ধর্মের সঙ্গে মেলানো উচিত নয়। যা আমরা শুরু থেকেই বলে আসছি।প্রসঙ্গত, শুক্রবার জুমার সময় ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৪৯ মুসল্লিকে হত্যা করেছেন অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী। এতে আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি আধা স্বয়ংক্রীয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নুর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়েন ২৮ বছর বয়সী এই যুবক।সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্রেনটন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় মসজিদের ভেতর থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী।

শুক্রবার জমার নামাজ চলার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ চার ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে। আটকের সময় তাদের একজন সুইসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ড ঘটনার আগে টুইটারে ৮৭ পাতার ইশতেহার আপলোড করেছেন হামলাকারী। এরমাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়েছিলেন।

ad

পাঠকের মতামত