যুক্তরাষ্ট্রের তাড়া পাকিস্তানকে
আন্তর্জাতিক ডেস্ক।।কাশ্মীরে হামলা চালানো জইশ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন্ন প্রস্তাব উত্থাপনের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অপরিহার্যতার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ডন জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিজয় গোখালের সঙ্গে বৈঠকের সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ‘অপরিহার্যতা’ তুলে ধরেন। বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে ফোনেও কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, কাশ্মীরের পুলওয়ামায় হামলার দায় স্বীকার করেছে জইশ। এ হামলায় পাকিস্তান সরকারেরও মদদ ছিল। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। কাশ্মীরে হামলার পরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে সক্রিয় জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপও জোরাল রয়েছে।
কিন্তু চীন বারবার এ প্রচেষ্টায় বাদ সাধে। ধারণা করা হচ্ছে, এবারও বেইজিং বাধা দেবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে ফোনে কথা বলেন পম্পেও। পরে তিনি টুইট করেন, ‘কোরেশির সঙ্গে কথা বলে জইশসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তারা।’




