প্রেমিকের বাড়িতে বিষ হাতে নিয়ে প্রেমিকার অনশন!
নিউজ ডেস্ক।। হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করছেন এক তরুণী। বুধবার উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বনগাঁও গ্রামের হাছন আলীর ছেলে মোজাহের আলী জুয়েলের (২৫) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের মেয়ে রুবি আক্তারের (২২)।
সম্প্রতি পরিবারের লোকজন মোজাহেদ আলী জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে পারেন প্রেমিকা রুবি আক্তার। বুধবার দুপুরে তিনি প্রেমিক জুয়েলের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নেয়। স্থানীয় মুরুব্বি ও জনপ্রতিনিধিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিলেও অনশন ভাঙতে নারাজ প্রেমিকা রুবি।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রউফ জানান, দুপুর থেকে রুবি আক্তার নামে ওই তরুণী জুয়েলের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নেন। তিনি দাবি করেছেন জুয়েলের সাথে প্রায় ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক হয়।
তিনি বলেন, ওই তরুণী দাবি করছেন, গত ২৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ কোর্টে এফিডিভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। এরপর তাদের মধ্যে দৈহিক সম্পর্কও হয়। কিন্তু সম্প্রতি জুয়েল অন্যত্র বিয়ে করছেন খবর পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সজনু বলেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। যার দায়িত্ব দেয়া হয়েছে ইউপি সদস্য আব্দুর রউফকে। এছাড়াও বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কেএম আজরিুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেনেছি। সামাজিকভাবে সামাধান না হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।




