276517

৫’শ টাকার বান্ডিলে মিললো ১শ টাকার নোট !

যশোরের চৌগাছায় সোনালী ব্যাংক শাখা থেকে ৫’শ টাকার নোটের বান্ডিলের মধ্যে ১শ টাকার নোট মিলেছে। এক গ্রাহক টাকা উত্তোলন করতে গেলে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গ্রাহকদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে অসাবধানতাবশতঃ টাকাটি বান্ডিলে ঢুকে যেতে পারে।

উপজেলার ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সোনালী ব্যাংক চৌগাছা শাখা হতে তিনি ২ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের মোট ১৬ জন শিক্ষকের ১৬ টি চেকের মাধ্যমে তিনি এই টাকা উঠাতে আসেন। ব্যাংকের ক্যাশিয়ার জয়নাল আবেদিনের নিকট থেকে তিনি সমুদয় টাকা বুঝে নেন।

এ সময় তিনি ক্যাশিয়ারের নিকট ১ হাজার টাকার বান্ডিল চাইলে তিনি দিতে অপরাগতা প্রকাশ করেন। চারটি ৫’শ টাকার বান্ডিল (বান্ডিলে ৫০ হাজার) টাকা করে মোট ২ লাখ ও বাকি ৩০ হাজার টাকাও ৫’শ টাকার নোট তাকে প্রদান করা হয়।

শিক্ষক আব্দুল আলিম তার অপর সহকারী শিক্ষক আব্দুল আজিজ ক্যাশিয়ারের সামনেই টাকা হিসাব করে বুঝে নিতে থাকেন। এ সময় পিনকরা ৫শ টাকার একটি বান্ডিলের মাঝামাঝিতে একটি ১’শ টাকার নোট দেখতে পান তারা।

বিষয়টি ব্যাংক ক্যাশিয়ারকে অবহিত করলে তিনি দ্রুত ওই বান্ডিল পরিবর্তন করে শিক্ষকদের আর একটি বান্ডিল দিয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে ব্যাংকে উপস্থিত সকল গ্রাহকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে সোনালী ব্যাংক চৌগাছা শাখার সেকেন্ড অফিসার রাজিবুল হাসান বলেন, অনেক ব্যাংক আমাদের সাথে লেনদেন করেন। এটি অসাবধানতাবশতঃ হয়েছে বলে আমি মনে করছি। ভবিষ্যতে যেন এমন কোন ভুল না হয় তার জন্য আমি সকলের সাথেই কথা বলেছি। সূত্র: বাংলাদেশ টুডে

ad

পাঠকের মতামত