276275

সন্দেহ হলেই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট : আইজিপি

মাদকাসক্তে সন্দেহ হলেই পুলিশ সদস্যকে ডোপ টেস্টের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।আজ মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, ‌‘আগামীতে যে পুলিশ সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে, তাকেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। অতি সম্প্রতি এমন উদ্যোগই নেওয়া হয়েছে।’এরইমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।

তিনি বলেন,‘জনগণের সেবা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। তাই পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার শুরু হয়েছে। থানায় আইনি সেবা বা সহায়তা পেতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।’

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিতে পুলিশের অভ্যন্তরীণ সেবাও বাড়ানো হয়েছে। যুগের সঙ্গে বিবেচনা করে যখন যে ইউনিট প্রয়োজন তা গঠন করা হচ্ছে। এছাড়া নিয়মের মধ্যে পড়লে বিভিন্ন ইউনিটের অন্য চাহিদাগুলোও পূরণ করা হচ্ছে।’

ad

পাঠকের মতামত