276251

বিজ্ঞাপনে লাভ জেহাদের ‘প্রচার’, রোষের মুখে সার্ফ এক্সেল

আন্তর্জাতিক ডেস্ক: দোলের দিন সকাল। অলিগলি জুড়ে বাচ্চারা মেতে রয়েছে রঙের উৎসবে। এমন সময়ে একটি সাইকেলে করে এসে পৌঁছল খুদে এক মেয়ে। ঝকঝকে পোশাক। তবে এসেই সে বুঝিয়ে দিল, রং মাখার জন্য সে তৈরি। সঙ্গে সঙ্গে তার শরীর জুড়ে আছড়ে পড়ল অসংখ্য রং ভরা বেলুন, পিচকিরির রং।

এমন সময়ে বাড়ি থেকে বেরিয়ে এল সাদা জামা, সাদা টুপি পরা আর এক খুদে। তার পোশাক-আশাক বলছে, রং খেলতে নয়, নামাজ পরতে যেতে চায় সে। কিন্তু এত রঙের ভিড়ে কিঞ্চিৎ কুণ্ঠিত। ত্রাতা হয়ে আসে সাইকেলে চড়া সেই মেয়েটি। ছেলেটিকে সাইকেলে চাপিয়ে, গায়ে একটাও রঙের আঁচড় না লাগতে দিয়ে তাকে মসজিদে পৌঁছে দেয় সে।এই গল্পটিকেই তাদের সাম্প্রতিক বিজ্ঞাপনে সুন্দর করে তুলে ধরেছিল সার্ফ এক্সেল। বিজ্ঞাপনটি বেরোনোর পরে প্রচুর মানুষ দেখেন, পছন্দ করেন, শেয়ারও করেন। বেশির ভাগ মানুষই বলেন, সম্প্রীতির এক অনন্য গল্প বলেছে এই সাবান সংস্থা।

কিন্তু দর্শকদের একাংশের মতে, এই বিজ্ঞাপনে আপত্তিজনক কিছু বিষয় থেকে গিয়েছে, যা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। এর পরেই সোশ্যাল মিডিয়াতে ‘ব্যান সার্ফ এক্সেল’ ট্রেন্ডিং শুরু হয়ে গিয়েছে। সার্ফ এক্সেলের অফিসিয়াল ফেসবুকে ভিডিওটি পোস্ট করা হলে, সেখানেও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন প্রচুর নেটিজেন। দাবি, এই বিজ্ঞাপন লাভ জেহাদেরই প্রচার করছে।

হোলির মতো রঙিন উৎসবে সম্প্রীতির বার্তা দিতেই গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় বিজ্ঞাপনটি। যার ট্যাগ লাইনে বলা হয়েছে, রং যদি বন্ধুত্বের পথ প্রশস্ত করে, তবে রং ভাল। মুক্তির ক’দিনের মধ্যেই ইউটিউবে আট লক্ষেরও বেশি মানুষ তা দেখে ফেলেছেন। তবে বিজ্ঞাপনটি বেশি করে নজরে আসতেই বিপাকে সংস্থা। নেটদুনিয়ায় এর বিরুদ্ধে সুর চড়িয়েছে হিন্দু কট্টরপন্থীরা। অনেকের অভিযোগ, এমন বিজ্ঞাপন বাচ্চাদের মধ্যেও লাভ জেহাদের মানসিকতা ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, এখানে হোলির থেকে নমাজ পড়াকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

টুইটারে #boycottSurfexcel হ্যাশট্যাগ দিয়ে একের পর এক টুইট করে চলেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রত্যেকেরই দাবি, বিজ্ঞাপনে হিন্দুত্বকে অসম্মান করা হয়েছে। কারণ এখানে দোলের রংকে ‘দাগ’ বলে উল্লেখ করা হয়েছে। যা একেবারেই মেনে নেওয়া যায় না। বিজ্ঞাপনটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে। তবে শুধু হিন্দুরাই নন, মুসলিম কট্টরপন্থীরাও বিজ্ঞাপনটির তীব্র নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, এখানে মুসলিম কিশোরকে অপমান করা হয়েছে। কারণ বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, কিশোরকে মসজিদে যেতে এক হিন্দু কিশোরীর সাহায্য নিতে হয়েছে।

তবে হাজার সমালোচনা হলেও অনেকেই বিজ্ঞাপনের নেপথ্য ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম টুইট করেন, “যাঁরা বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানাচ্ছেন, তাঁরা আসলে ভারতীয় সংস্কৃতিরই পরিপন্থী।” একই সুর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুখে। তথাকথিত ‘ভক্ত’দের একহাত নিয়ে বিজ্ঞাপনের প্রশংসা করেছেন তিনি। বলেন, “আমার একটা ভাল পরামর্শ আছে। সার্ফ এক্সেল দিয়ে ভক্তদের ভালভাবে ধোয়া হোক। কারণ এই ডিটার্জেন্ট ভাল দাগ পরিষ্কার করে।” ভিডিওটি দেখুন:

ad

পাঠকের মতামত