গানের তালে তালে বিক্ষোভ করছে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে মেনে নিতে চায় না ছাত্রলীগ। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান করছেন তারা। সেখানেই গানের তালে তালে বিক্ষাভ করতে দেখা গেছে কর্মীদের।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের একাংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় থেকে তারা ‘প্রহসনের নির্বাচন মানি না মানব না’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’ বলে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষাভ করছেন।এর আগে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ মুখ বন্ধ করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মভিত্তিক দল বা শিবিরের রাজনীতি থেকে মুক্ত। নুরুল হক জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। নুরুলকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশ্ববিদ্যালয়। তাই আমাদের সংগঠনসহ সাধারণ অনেক শিক্ষার্থী বিক্ষোভ করছে। রাতেও প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে।’
সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ভিপি পদে বিজয়ী হিসেবে নুরুল হকের নাম ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ।রাতে ফল ঘোষণার সময় সিনেট ভবনের চারপাশে বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি বাসায় ফিরে যান।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।




