হাঁটতে পারছেন ওবায়দুল কাদের
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। তিনি এখন সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন।সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে আগামীকাল (মঙ্গলবার) সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
রিজভী বলেন, কাদের আজ সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।এ সময় কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাৎক্ষণিকভাবে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। পরদিন ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।




