স্বাভাবিক কথা বলছেন কাদের, আজ নেওয়া হতে পারে কেবিনে
নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। তিনি জানান, ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন।
কার্ডিও সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় তার স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গত ৩ মার্চ রাত ৩টায় হঠাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ওবায়দুল কাদেরের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকালে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।




