শবনম জাহানকে অব্যাহতি, মৈত্রী হলের নতুন প্রভোস্ট মাহবুবা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগেই ব্যালটে সিল মারার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে হলের প্রভোস্ট অধ্যাপক শবনম জাহানকে অব্যাহতি দিয়ে নতুন প্রভোস্ট অধ্যাপক মাহবুবা নাসরীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকেও বসেছেন উপাচার্য।
সকাল ৯টায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনে দেখা যায়, আগে থেকে সিল মারা ব্যালট পেপার নিয়ে শিক্ষার্থীরা হলের গেটের সামনে বিক্ষোভ করছেন। এসব সিল মারা ব্যালট পেপার পৌঁছে গেছে শিক্ষার্থীসহ সাংবাদিকদের কাছেও।
শিক্ষার্থীরা জানান, সকাল ৮টায় ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়ান। প্রক্টর গিয়ে সেখানে কথা বলে সময় কাটানোর চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা জোর করে ঢুকলে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদসহ অন্যান্য সংগঠন এবং স্বতন্ত্র জোট মিলে মোট ১৩টি প্যানেলে প্রতিদ্বনি্দ্বতা করছেন। এর বাইরে বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।




