ভোট সুষ্ঠু হচ্ছে, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন
নিউজ ডেস্ক।। ২৮ বছরের অপেক্ষা শেষে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর বহুল কাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। ছাত্রলীগের সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ভোট নিয়ে কোনও শঙ্কা নেই। আমরা সবসময় শিক্ষার্থীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমাদের প্যানেল সবার সেরা প্যানেল। জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।
তবে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, শুরু থেকেই প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তাই ভোট সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। আমরা আশা করছি, প্রশাসন নিরপেক্ষতার পরিচয় দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৭২ এবং ছাত্রী ১৬ হাজার ১৪৫।
ডাকসুর ২৫টি পদ ও হল সংসদের ১৩টিসহ চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন। এছাড়া ১৮ হল সংসদে লড়ছেন ৫০৯ জন। ভোটার ৩৮টি ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন।




