275538

ভোট দেওয়া ব্যালট বাক্সে, প্রভোস্ট বরখাস্ত

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর আগেই বাক্সে ভোট দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার জায়গায় এই হলের নতুন দায়িত্ব পেয়েছেন মাহবুবা নাসরিন। এদিকে এ ঘটনায় প্রো-ভিসি ড. মোহাম্মদ সামাদকে অাহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দেখতে চান। কিন্তু তারা সে সময় ব্যালট দেখাতে তাদের অস্বীকার করেন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে ব্যালট বাক্স খুলতে বাধ্য হন কর্মকর্তারা। সে সময় শিক্ষার্থীরা তিনটি ব্যালট বাক্সে ভোট দেওয়া ব্যালট পান।

আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। আজ ভোর থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হয়েছে সাত বার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

ad

পাঠকের মতামত