না খেয়ে, জ্বরে অসুস্থ নুর: চিকিৎসক সূত্র
নুরুল হক নুর গত কয়েকদিন ধরে না খেয়ে ছিলেন, ছিলেন জ্বরে আক্রান্ত, সব কিছু মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে চিকিৎসক সূত্র।সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুর ক্যাম্পাসে হামলার শিকার হয়ে আহত হয়েছেন এমন অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে, এটি পুরোটাই নুরের অভিনয়।
সূত্র জানিয়েছে, অসুস্থ হয়ে পড়লে এদিন সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার দিকে নুরুল হক নুরকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, নুর গত কয়েকদিন ধরেই না খেয়ে ছিলেন। সে কারণে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে রয়েছে জ্বর, এসব কারণে তিনি মাথা ঘুরে অচেতন হয়ে পড়েছিলেন।
প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, রোকেয়া হলে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নারী কর্মীরা হামলা চালিয়েছে। পরে একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি বিক্ষোভের মধ্যে পড়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন নুর। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ তার মাথায় পানি ঢালছেন- এমনও দেখা যায় ভিডিও চিত্রে।তবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা দাবি করেছেন, রোকেয়া হলে নয়টি ব্যালট বক্সের তিনটি পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে খোঁজ নিতে সেখানে গিয়েছিলেন নুরুল হক নুর।
এর আগেই ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুলক হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার সঙ্গে একটি বৈঠক করছিলেন। বৈঠক শেষে বের হয়ে এলে কী বিষয়ে বৈঠক হয়েছে নুর তা জানতে চান। এতেই ছাত্রলীগের নারীকর্মীরা তার ওপর হামলা করেন। সুত্রঃ সারাবাংলা




